অনেকে বিভিন্ন বই পড়ে তার সমালোচনা লেখেন বা লিখতে চান। আমি অনেকসময়ই বই ভালো কি মন্দ তা সখের (নিন্দুকেরা বলে কেউ কেউ পেইড) সমালোচকদের কাছ থেকে জেনেই কিনি বা পড়ি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপ অথবা গুডরিডসের মতো সাইট থেকে রিভিউ জানা যায়। আমি একজন পাঠক হিসেবে সমালোচকদের থেকে যেসব জিনিস আশা করি সেগুলো একটু বলতে চাই। অন্তত আমার কথা মাথায় রেখে কেউ লিখলে বিশেষ খুশি হব৷
১. লিখবেন বই এর নাম, লেখক, প্রকাশক, প্রকাশ সন, প্রচ্ছদশিল্পী ও অলঙ্কারশিল্পী, বাঁধাই এর মান, মূল্য, প্রাপ্তিস্থান। প্রয়োজনে ভূমিকা কে লিখেছেন সেটাও। অনুবাদের ক্ষেত্রে কোন ভাষায় লেখা বই, অনুবাদকের নাম বাঞ্ছনীয়। মূল লেখা কোন প্রকাশনী থেকে বেড়িয়েছে সম্ভব হলে সেটাও। সাধারণভাবে অপরিচিত লেখক হলে তার সম্পর্কে দু-চারকথা লিখলে ভালো লাগে।
২. লেখার বিষয় বস্তু। ফিকশনজাতীয় বই এর গল্পের ট্রেলার দেবেন৷ শেষ কিভাবে হচ্ছে বলবেন না। ননফিকশন বা কবিতা জাতীয় হলে বিশদ বর্ণনাতে অসুবিধা নেই। তবে পুরোটা বলে ইন্টারেস্ট চটকে দেবেন না।
৩. বইটির গুণাবলী বা দোষ বিশ্লেষণ করুন। বীতরাগভয়ক্রোধ হয়ে গঠনমূলক সমালোচনা করবেন। খুব ভালো, খুব খারাপ, বিচ্ছিরি, হেব্বি মার্কা কথা বা ভাব আলপটকা ব্যবহার করবেন না। কেন ভালো, কেন খারাপ, তার দর্শন কি? কোন কনটেক্সটে ব্যবহৃত সেসবের উল্লেখ প্রয়োজন। মধ্যে থেকে কোনো লাইন তুলে উল্লেখ করে গুণাগুণ বিশ্লেষণ করবেন না। অনেকক্ষেত্রে কেবল বুঝতে না পেরেই অনেকে খারাপ বা ভালো বলে দেন৷ পরে তাই নিয়ে চর্চা করে ফের রসাস্বাদন করেন৷ তাই দরকারে একাধিকবার পড়ে তবে সমালোচনা লেখা উচিৎ। ব্যক্তিগত বন্ধুত্ব বা শত্রুতা নিয়ে লিখতে বসার মানে নেই।
৪. বইটি কাদের জন্য লেখা এটাও উল্লেখ করলে হয়৷ দুনিয়ার সব বই সকলের পাঠ্য না৷ যদিও অনেকেই অনেকরকম বই পড়েন। কিন্তু লেখকের ব্যক্তিগত মতামত এখানে চলতে পারে। যেমন সুনীল গাঙ্গুলিকে চেনাতে আমি দশ বছরের বাচ্চাকে কখনোই প্রথম আলো সাজেস্ট করব না৷ বরং কাকাবাবু পড়তে বলতে বলব৷ আবার সদ্য প্রেমাঘাতে কাতর যুবককে হঠাৎ নীরার জন্য পড়তে বলব। এরকম ব্যক্তিগত সাজেশন আমার বেশ লাগে।
৫. বইটি কেন পড়া উচিৎ বা উচিৎ নয় বলেও একটু লেখা উচিৎ। এটুকু মরাল পুলিশি পাঠক সহ্য করে নেবে৷ তবে উল্লেখ্য, খুব ভালো বই হলেও কেন পড়ব না এবং খুব খারাপ বই হলেও কেন পড়ব সেটা বললে বেশ হয়। সব ভালোতেই কুৎসিত ও সব কুৎসিতেও কিছু ভালো থাকে কিনা৷
এমন না যে যাঁরা লেখেন তারা কিছুই জানেন না৷ তাঁরা জানেন বলেই লেখেন৷ আমি জ্ঞানী-মূর্খ নির্বিশেষে সকল সমালোচকের প্রতি একটা আবেদন রাখলাম মাত্র৷ এই লেখায় কিছু ভুল মনে হলে নিজস্ব সংযোজন অবশ্যই করবেন৷ ব্যক্তিগত মতামত সবসময়ই স্বাগত।
No comments:
Post a Comment